জেল হত্যা দিবস উপলক্ষে চারনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন যুবলীগের
উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৪০
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে জাতীয় চারনেতার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী যুবলীগ।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ১০ টায় বনানী কবরস্থানে জাতীয় চারনেতার কবরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থান সম্মুখে জেলখানায় নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার জাতীয় চারনেতা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলহত্যা দিবস উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আমাদের জাতীয় চারনেতা একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তারা মুজিবনগর সরকারের পরিচালক এবং মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত রেখে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন ও ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক কাজী মো. মাজহারুল ইসলাম, সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ।

