ডায়াবেটিক সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য: চসিক মেয়র

ডায়াবেটিক সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য: চসিক মেয়র

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ২১:৩৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডায়াবেটিক সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য। নিয়মবিধি ও শৃঙ্খলা মেনে চললে স্বাভাবিক জীবন-যাপন সচল রাখা যায়। এমনকি ক্রীড়া ক্ষেত্রেও চর্চা ও অংশগ্রহণে কোন ধরণের সমস্যা থাকে না।

তিনি রবিবার (১৪ নভেম্বর) সকালে জাকির হোসেন রোডে ডায়াবেটিক হাসপাতালের সামনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালি-পূর্ব সমাবেশে অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিক কোন জটিল ব্যাধি না, তবে এই রোগের ফলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ ও অন্ধত্বসহ আরো নানা ধরণের শারীরিক সমস্যার সৃষ্টি হয়। তাই ডায়াবেটিক রোগীর শৃঙ্খলাপূর্ণ জীবন তাদের শারীরিক সক্ষমতা সুরক্ষা করে এবং জীবনকে দীর্ঘায়ু করে। পরিমিত আহার ও পরিশ্রম ডায়াবেটিক আক্রান্তদের স্বাস্থ্য ঝুঁকি কমায়। এবার বিশ্ব ডায়াবেটিক দিবস – ২০২১ সালের প্রতিপাদ্য হলো ‘ এক্সেস টু ডায়াবেটিস কেয়ার – ইফ নট নাও হোয়েন ?’ বা ডায়াবেটিকের সেবা নিতে আর দেরি নয়।

তিনি আরো বলেন, ঢাকাসহ সারাদেশে ডায়াবেটিক আক্রান্তদের জন্য বিশ্বমানের একাধিক হাসপাতাল রয়েছে। এগুলোতে ডায়াবেটিক রোগের পাশাপাশি অন্যান্য রোগেরও চিকিৎসা ও গবেষণা হয়। তাই এই হাসপাতালগুলো সরকারি আনুকূল্য নিয়ে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ এবং আদর্শ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য হাসান মুরাদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি শওকত হোসেন কমরু, শাহজাদা এনায়েত উল্লাহ, আবিদা মোস্তাফা, কোষাধ্যক্ষ মো. জাফর, নিজাম উদ্দিন মাহমুদ, মো আলী চোধুরী, অধ্যক্ষ সানাউল্লাহ, চসিক পরিবেশ উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন ও অধ্যাপক মাসুম চৌধুরী।

সভাপতির বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, অনেক বিত্তশালীর চাইতে একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষ অনেক বেশি সুখী। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করে আমরা যে সেবা দিচ্ছি তা চট্টগ্রামবাসীর জন্য একটি বড় পাওয়া। বিশ্ব ডায়াবেটিকস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালের ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে ঘোষণা করে।

এদিন বিজ্ঞানী ফ্রেডরিক জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিস্কার করে ডায়াবেটিক চিকিৎসায় নতুন যুগের সূচনা করেন, যার সুফল বর্তমানে ডায়বেটিক রোগীরা পাচ্ছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading