ডিএসইতে এক দিনেই সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট: ধারাবাহিক দর পতনের পরে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৫:২৫
মার্জিন ঋণের শর্ত শিথিলের পর গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দাম বেড়েছে বেশির ভাগ শেয়ারের। ধারাবাহিক পতনের পরে আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের বাজার বিশ্লেষণ করেছেন সাইফুল অনিক…
মার্জিন ঋণ প্রদানের সুবিধা বাড়ানোকে কেন্দ্র করে ব্যাংক ও বিমা খাতের শেয়ারের দাম বেড়েছে। এতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত রবিবার দরপতনের পর সোম ও মঙ্গলবার টানা দুদিন সূচকের উত্থান হলো।
আস্থা ফিরছে বিনিয়োগকারীদের মাঝে: ধারাবাহিক পতনের পরে আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সূচক ও লেনদেনের উত্থানে আস্থা ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা। এ খাতে অস্থিতিশীল যে পরিবেশ তৈরি হয়েছিলো তা আবার কাটতে শুরু করেছে। বাজার বিশ্লেষণে দেখা যায় আবারও গতিশীল হচ্ছে দেশের দুই পুঁজিবাজার।
মার্জিন ঋণের নতুন নিয়ম ইতিবাচক: বাজার সংশ্লিষ্টরা সূচকের এমন উত্থানের পেছনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মার্জিন ঋণের নিয়ম পরিবর্তন প্রভাব রেখেছে বলে মনে করছেন। তারা বলছেন মার্জিন ঋণের নতুন এ নিয়ম পুঁজিবাজারের জন্য ইতিবাচক হয়েছে। এর একটা প্রভাব পুঁজিবাজারে এসেছে। প্রসঙ্গত, গত সোমবার দরপতনের বৃত্তে থাকা পুঁজিবাজারে আবার অস্থিরতার প্রেক্ষাপটে মার্জিন ঋণের নিয়মে পরিবর্তন আনে বিএসইসি। নতুন নিয়মে শেয়ার কেনায় ঋণ দিতে সূচকের সীমার শর্ত তুলে নেওয়া হয়। এ নিয়মে শেয়ার কেনায় বিনিয়োগ করতে এক টাকার বিপরীতে ৮০ পয়সা পর্যন্ত ঋণ দেওয়া যাবে।
ডিএসইতে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও: মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ১১৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকা।
সিএসইতেও সূচকের বড় উত্থান: দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৫৬৮ টাকা।
ছয় খাত আলোচনায়: এদিন ডিএসইর ২০ খাতের মধ্যে সব খাতেই শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। তবে ৬ খাতের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যহারে। খাতগুলো হলো- ব্যাংক, আর্থিক, বিমা, তথ্যপ্রযুক্তি, মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও জ্বালানি খাত। মঙ্গলবার ব্যাংক খাতে হওয়া ৩২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টি কোম্পানির। দর কমেছে ১টির। আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে এদিন দর বেড়েছে ২১টির দর অপরিবর্তিত ছিল ১টির। বিমা খাতের ৫১টি কোম্পানির মধ্যে মঙ্গলবার দর বেড়েছে ৪০টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত ছিল ২টির। তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ২টির বা এবং অপরিবর্তিত ছিল ১টির।
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে পুঁজিবাজারে পুরস্কার দেবে বিএসইসি:
পুঁজিবাজারে মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোকে আরও ভাল সেবাদানে উৎসাহিত করতে পুরস্কার চালু করা হচ্ছে। এই পুরস্কারের নাম হবে-স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার। তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। ক্যাটাগরি তিনটি হচ্ছে- স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিএসইসি’র ৭৯৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি জানায়, প্রতি ক্যাটাগরিতে একটি করে প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। প্রথম বারের পুরস্কার ২০২০ সালের পারফরম্যান্সের আলোকে প্রদান করা হবে।

