১ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার সুপারিশ

১ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার সুপারিশ
জাতীয় সংসদ ভবন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ২১:১০

১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে পূর্ববর্তী বৈঠকের সুপারিশগুলোর বাস্তবায়নের অগ্রগতি, মুন সিনেমা হলের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি এবং চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ‘জয় বাংলা’ টাওয়ার ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তরের কার্যক্রম বিষয়ক আলোচনা করা হয়।

বৈঠকে ১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা ও পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার স্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যান্য স্থানগুলোকে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি সরকারের উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি-বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়টি সহানুভূতির সহিত বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের আগ্রবাদে অবস্থিত ‘জয় বাংলা’ টাওয়ার ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ নির্মানে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার লক্ষ্যে কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।

এছাড়া মুন সিনেমা হলের সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিদ্যমান চুক্তি অনুৃযায়ী কাজের অগ্রগতি হচ্ছে কিনা তা পরিদর্শনন করে পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে বৈঠকে কাজী ফিরোজ রশীদকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading