বেপজার প্রশংসা করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ২২:৫০
ঢাকা ইপিজেড-এর ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা ইপিজেড পরিদর্শন করেন রাষ্ট্রদূত। তিনি ইপিজেডে বিরাজমান শান্তিপূর্ণ উৎপাদনমুখী পরিবেশ এবং বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সার্বিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, পিএসসি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের ইপিজেডে সহজে ব্যবসা পরিচালনার বিষয়গুলোকে গুরুত্ব দিতে আহ্বান করেন। পাশাপাশি বেপজার পক্ষ থেকেও ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়। রাষ্ট্রদূত বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার ব্যাপারে বেপজাকে আশ্বাস প্রদান করেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউর রহমান ঢাকা ইপিজেড হাসপাতালে চক্ষুসংক্রান্ত রোগের চিকিৎসার জন্য স্থাপিত ‘কোইকা ভিশন সেন্টার’ উদ্বোধন করেন।
বিনামূল্যে শ্রমিকদের চক্ষুসেবা প্রদানে এ ভিশন সেন্টার স্থাপন করে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)।
পরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং বেপজা প্রধান কোরিয়ান তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ক্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢাকারিয়া লিমিটেড পরিদর্শন করেন।
ইপিজেডে বিদ্যমান শিল্পকারখানা দুটির সার্বিক কাজের পরিবেশ দেখে রাষ্ট্রদূত ভূয়সী প্রশংসা করেন। এসময় ঢাকা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আব্দুস সোবহান তাদের সঙ্গে ছিলেন।

