থ্যাংকস গিভিংয়ে যুক্তরাষ্ট্রে ৯৩ কোটি ডলারের টার্কি বেচাকেনা

থ্যাংকস গিভিংয়ে যুক্তরাষ্ট্রে ৯৩ কোটি ডলারের টার্কি বেচাকেনা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ০৯:৩০

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বা থ্যাংকস গিভিং ডে। থ্যাংকস গিভিং ডে’র অর্থ কৃতজ্ঞতা জ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সরকারিভাবে এ দিবস উদযাপন করা হয়।

দিবসটিতে ধনী-গরিব সবাই মেতে ওঠেন ঐতিহ্যবাহী টার্কি ভোজে। পারিবারিকভাবে প্রতিটি ঘরেই টার্কি দিয়েই চলে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা। এবারের থ্যাংকস গিভিং ডে’তে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি ৩৭ লাখ মানুষের জন্য ৯২ কোটি ৭০ লাখ ডলার মূল্যের টার্কি বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ১৪ মিলিয়ন ৪০ লাখ ডলার বেশি।

ন্যাশনাল টার্কি ফেডারেশনের তথ্য অনুসারে, থ্যাংকস গিভিংয়ে শতকরা ৮৮ শতাংশ মার্কিনিদের ঘরেই টার্কি দিয়ে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা হয়ে থাকে। গত বছর করোনা মহামারিতেও ২৯ কোটি ২০ লাখ মার্কিনি এই বার্ষিক ভোজ উপভোগ করতে সমবেত হয়েছিল। চলতি বছরে আরও ৭ লাখ টার্কিপ্রেমি বৃদ্ধি পেয়েছে।

গত বছর থ্যাংকস গিভিংয়ে মোট ৭৮ কোটি ৩০ লাখ ডলারের টার্কি বেচাকেনা হয়েছিল। এ বছর ১৪ কোটি ৪০ লাখ বৃদ্ধি পেয়ে মোট ৯২ কোটি ৭০ লাখ ডলারের টার্কি বেচাকেনা হয়েছে। গত বছরের তুলনায় এবারে থ্যাংকস গিভিং-এ টার্কির প্রতি পাউন্ড মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবার ১৬ পাউন্ড টার্কি বিক্রি হয়েছে ২০.১৫ ডলারে।

প্রসঙ্গত, ১৬২১ সালের এক হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে প্রধানত ইংল্যান্ড থেকে আগত যাজকদের এক শুভক্ষণে পরস্পরের মধ্যে উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের মধ্য দিয়ে ‘থ্যাংকস গিভিং’ উৎসবের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেদিনের সেই বন্ধুত্ব এবং শান্তির অমিয়বাণী আমেরিকাবাসীর অন্তরে ধারণ করতে রাষ্ট্রীয়ভাবে দিনটিকে ‘থ্যাংকস গিভিং হলি ডে’ হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় বরণীয় করে তুলতে নানা আয়োজনে মেতে ওঠে সমগ্র যুক্তরাষ্ট্র। দিনটি আমেরিকায় সরকারি ছুটির দিন। একই আমেজে পার্শ্ববর্তী দেশ কানাডায় এ দিনটি পালন করা হয় প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার।

থ্যাংকস গিভিং ডে’র পরের দিনকেই ‘ব্ল্যাক ফ্রাইডে’ বলা হয়ে থাকে। এ দিনের জন্যও মানুষের অপেক্ষার কমতি নেই। একবছর ধরেই অপেক্ষার প্রহর গুণতে থাকে আমেরিকার দুই তৃতীয়াংশ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন কম দামে ভালো একটা কিছু কেনার জন্য দিন অপেক্ষায় থাকে। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই টিভি ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয় তাদের পণ্যের মূল্যহ্রাসের তালিকা। শতকরা ৫০ থেকে ৭০ শতাংশ মূল্যহ্রাস করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading