আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি দেশে ফিরেছেন

আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি দেশে ফিরেছেন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ২০:৪৫

সশস্ত্র তালেবান গোষ্ঠীর কাবুল দখলের পর আফগানিস্তানে অবস্থান করা সব বাংলাদেশি দেশে ফিরেছেন। সবশেষ ইরান হয়ে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ছয়জন। শুক্রবার (২৬ নভেম্বর) উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছেন।

দূতাবাস জানায়, আফগানিস্তানের জালালাবাদে তাবলিগ মারকাজের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশি বুধবার (২৪ নভেম্বর) ইরান হয়ে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ পর্যন্ত ৩২ বাংলাদেশিকে আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে।

সবশেষ দেশে ফেরা ছয় বাংলাদেশি হলেন, মো. সেরাজুল ইসলাম, সাঈদ মোহাম্মদ সোহেল, কাজী সারোয়ার সাকলায়েন, মো. আবদুর রশিদ মিয়া, মো. আলফাজুল হক ও মো. মসিউর রহমান।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ‘আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি দেশে ফিরেছেন। সব মিলিয়ে ৩২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সবশেষ, আফগানিস্তানের জালালাবাদের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশিকে ইরান হয়ে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের আগস্টের মাঝামাঝি তালেবান বাহিনীর আফগানিস্তান দখল করে। সেই থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে সবাইকে ফেরানো সম্ভব হয়েছে। তবে এ নিয়ে বেশ বেগ পেতে হয়েছে।

কয়েক দফায় বিভিন্ন দেশ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরাতে হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাসখন্দের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading