গণতন্ত্র পুনরুদ্ধারে মিলনের আত্মত্যাগ প্রেরণা জোগাবে: ফখরুল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ২২:৪৫
শহীদ ডা. মিলন বুকের রক্ত ঢেলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার আত্মত্যাগ প্রেরণা জোগাবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই দিনে আমি ডা. মিলনসহ শহীদদের রক্তস্নাত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানাই। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আমি ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।
শুক্রবার (২৬ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। তার আত্মদানের মধ্যে দিয়ে নয় বছরের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়। স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল তার দৃঢ় প্রতিজ্ঞা। বুকের রক্ত ঢেলে তিনি এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। যে পথ বেয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষ তাদের সব অধিকার হারিয়ে ফেলেছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। এখন গণতন্ত্রকে পুনরুদ্ধার ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সেজন্যই প্রথমে আমাদেরকে গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে আমাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্য অর্জনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগাবে।’

