গুচ্ছ পদ্ধতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৪৫

গুচ্ছ পদ্ধতিতে দ্বিতীয়বারের মতো কৃষি বিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ৬৮.৬৫ শতাংশ।

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৭টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর)। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

এ বছর ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে মোট ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি কেন্দ্রে (কৃষি অনুষদ ভবন, শেখ কামাল ভবন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র) মোট ৬ হাজার ৩৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩৬৯ জন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

ভর্তি পরীক্ষার বিষয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। উপস্থিতির হার ছিলো সন্তোষজনক।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading