৬০ দেশের সিনেমা নিয়ে ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৬০ দেশের সিনেমা নিয়ে ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৫০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। ঢাকার উত্তরায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এই উৎসব।

আগামী ১০-১৬ ডিসেম্বর সপ্তাহব্যাপী এ উৎসব চলবে। উৎসবে দেশ-বিদেশের স্বনামধন্য নির্মাতাদের ৬০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ।

উৎসবের ভেন্যু হিসেবে থাকছে ৪৫০ আসনের ইন্টারন্যাশানাল হোপ স্কুল থিয়েটার হল। বাংলাদেশে এই প্রথম ডলবি সাউন্ড সিস্টেমসহ এলইডি পর্দায় বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে উৎসবের সব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ ও উৎসব পরিচালক চলচ্চিত্রকার গাজী রাকায়েত ঘোষণাপত্র পাঠ করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দিলারা জামান, শম্পা রেজা, আল মামুন, দেওয়ান হাবিব, শর্মিলি আহমেদ, শিমুল মুস্তফা, এস আই টুটুল প্রমুখ।

গাজী রাকায়েত বলেন, ‘আমাদের এই চলচ্চিত্র উৎসবের একটি প্রধান লক্ষ্য বহির্বিশ্বের সাথে আমাদের নতুন প্রজন্মের নির্মাতাদের যোগসূত্র তৈরি করে দেওয়া। সম্ভাবনাময় তরুণ নির্মাতাদের উৎসাহ দেওয়া।’

তিনি জানান, উৎসবে প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র নির্ধারণে রয়েছেন পাঁচসদস্য একটি স্বাধীন আন্তর্জাতিক জুরিবোর্ড। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি থাকছে শ্রেষ্ঠ পরিচালকের পুরুস্কার। আরো থাকছে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার।

সভাপতি মুনা চৌধুরী বলেন, ‘মুজিববর্ষ ও মহান বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চলচ্চিত্র শিল্পের বিকাশ জরুরি। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন বিশ্বাস করে চলচ্চিত্রের মাধ্যমে সব মানবিক অনুভূতি উঠে আসে। একটি ভাল চলচ্চিত্র মানুষ ও সমাজকে বদলে দিতে পারে। ইয়ুথ বাংলা মানসম্মত, শিল্পসম্মত চলচ্চিত্রের নির্মাণ, প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে চায়।

উৎসবে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, আর্জেন্টিনাসহ আরও অনেক দেশের সিনেমা প্রদর্শিত হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading