৬৪ কোম্পানিকে মূলধন বাড়াতে বলেছে বিএসইসি
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ২০:০১
৬৪টি স্বল্প মূলধনী কোম্পানিকে পরিশোধিত মূলধন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ৯ ডিসেম্বর বিএসইসির সহকারি পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিম সই করা চিঠিটি সকল কোম্পানিতে পাঠানো হয়েছে।
একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পারিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পারিচালক এবং সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পারিচালকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে বিএসইসি বলেছে, স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে থাকতে হলে কোম্পানিগুলোর মূলধন বাড়াতে হবে। অন্যথায় কোম্পানিগুলো মূল বোর্ডে থাকতে পারবে না।
বর্তমানে মূল বোর্ডে লেনদেন করার জন্য কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে বিএসইসি স্বল্প মূলধনীর সামগ্রিক অবস্থা যাচাই-বাছাই করার জন্য একটি কমিটি গঠন করে। কমিটিকে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর আর্থিক পারফরম্যান্সের উন্নতির সুপারিশ প্রদানের নির্দেশনা দেয়।
কোম্পানিগুলোকে কমিশনের চিঠি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে তাদের পরিকল্পনা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বল্প মূলধনী এই ৬৪টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকার নিচে, ১৭টি কোম্পানির ১০ কোটি টাকার নিচে, ২০টি কোম্পানির ২০ কোটি টাকার নিচে এবং বাকি কোম্পানিগুলোর ৩০ কোটি টাকার নিচে।
কোম্পানিগুলোর মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০টি কোম্পানি লোকসান করেছে। বাকিদের মধ্যে সিংহভাগ কোম্পানির আর্থিক অবস্থা খুব বেশি ভালো নয়।
কোম্পানিগুলোর মধ্যে যাদের পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার উপরে রয়েছে, সেগুলোকে ৩০ জুন ২০২২ এর মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে হবে।
অন্যদিকে, যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার নিচে রয়েছে, সেগুলোকে ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে হবে।

