বিএনপি-জামায়াত কৌশলে নির্বাচনে অংশ নিচ্ছে: নানক

বিএনপি-জামায়াত কৌশলে নির্বাচনে অংশ নিচ্ছে: নানক

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:০৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত বলছে নির্বাচন অংশ গ্রহণ করবে না। কিন্তু তারা বিভিন্ন কৌশলে করেছে।

সোমবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় নানক বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দেখলাম একজন নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করছেন। আসলে তিনি বিএনপি-জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি কমিটি করে দিয়েছেন। যারা নির্বাচন পরিচালনা করবে এই কমিটি তাদেরকে সহায়তা করবে।’

তিনি বলেন, ‌‌’আমি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য। আমি দেখেছি- অনেকেই প্রার্থী হয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয়েছে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তাকে নির্বাচিত করাই আমাদের একমাত্র দলীয় আদর্শ ও লক্ষ্য। মনে রাখতে হবে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে তা হবে পার্টির সমালোচনা, কিন্তু পাবলিকলি তা আলোচনায় আসতে পারবে না। দল দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অদায়িত্বশীল কথাবার্তা পছন্দ করে না।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

পরে দলের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading