বিশ্বে করোনা শনাক্ত ৩১ কোটি ছাড়ালো
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:৩০
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষের। এরমধ্যে দিয়ে বিশ্বে ৩১ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ মতে, সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ১১ হাজার ৭৯৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ কোটি ৯ লাখ ১০ হাজার ৪৮৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫১২ জন। এর আগের দিন করোনায় মারা যান ৩ হাজার ৩০৬ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৫৪৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ১৮ লাখ ৫২ হাজার ১৮৫ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানি হয়েছে দেশটিতে। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৯১১ জন। এখন পর্যন্ত আমেরিকায় ৬ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৬১ হাজার ১৮৪ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ইউডি/সুস্মিত

