সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া
খালেদা জিয়া

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন মঙ্গলবার সন্ধ্যায়। দেশে কোভিডের বিস্তার আবার বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি গুলশানের বাসায় ফিরছেন বলে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, “উনার অবস্থা আগের মতই আছে। কিন্তু সারাদেশে করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেডিকেল বোর্ড ম্যাডামের সুরক্ষার স্বার্থে তাকে বাসায় নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছে।”

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, সেজন্য সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম সুস্থ হননি। উনার যে রক্তক্ষরণ হত, সেটা এখন আপাতত বন্ধ আছে। তবে চিকিৎসক বোর্ডের আশঙ্কা, যে কোনো সময়ে তার অবনতি হতে পারে। ম্যাডামের সর্বোত্তম চিকিৎসা এখানে দেয়া হলেও তার রোগের উন্নত চিকিৎসা এখানে নেই।”

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে।

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া ওঠেন গুলশানের বাসা ফিরোজায়। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হলে গত বছরের মাঝামাঝি সময়ে তিনি প্রায় দুই মাস হাসাপাতালে থাকেন। এরপর আরও দুই দফা তাকে হাসপাতালে যেতে হয়। ৭৬ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী বুহ বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading