সম্পর্কের ৫০ বছর পূর্তি: মোমেনকে আমন্ত্রণ ব্লিংকেনের

সম্পর্কের ৫০ বছর পূর্তি: মোমেনকে আমন্ত্রণ ব্লিংকেনের

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৪০

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানিয়েছে। ব্লিংকেন গত ডিসেম্বরে এক ফোনালাপকালে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। মোমেন বলেন, ওই সময়ে তিনি (ব্লিংকেন) বলেন, এ বছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সাথে সরাসরি বৈঠকে মিলিত হতে চান।

ঢাকায় এই উদ্যোগ সম্পর্কে অবগত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বার্তায় আরো বলা হয়েছে যে, মোমেনের সুবিধাসম্মত সম্মতিসাপেক্ষে ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ব্লিংকেন তার অফিসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন।

জটিল বৈশ্বিক রাজনীতির মধ্যে পাকিস্তানের বিপক্ষে নয় মাসের মুক্তিযুদ্ধের পর নতুন স্বাধীন দেশের রাজধানী হিসেবে ঢাকার অভ্যুুদয় ঘটলে, ১৯৭২ সালের ৪ এপ্রিল তৎকালীন মার্কিন প্রশাসন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ দূতাবাসে যৌথভাবে ঐতিহাসিক দিনটি উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। এতে ব্লিংকেনও অংশ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তারা আরো বলেন, এই বার্ষিকী উদযাপনের সাথে এক গুচ্ছ আয়োজনেরও উদ্যোগ নেয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ওয়াশিংটন আগামী ৫০ বছরে অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading