ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় ৩২২ জন

ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় ৩২২ জন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৫০

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত নামের তালিকায় ঠাঁই পেয়েছেন ৩২২ জন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এরপর ৬ ফেব্রুয়ারি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে বসবে।

এরই ধারাবাহিকতায় গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনটি বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনরা নাম প্রস্তাব করেন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও নাম চাওয়া হয়। অনেকে ব্যক্তিগতভাবে ও ই-মেইলেও নাম পাঠান। তবে বিএনপি নাম পাঠাবে না বলে শুরু থেকেই জানায়।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading