ইন্ডিয়ায় বিয়ের আসরে কুয়ায় পড়ে ১৩ মৃত্যু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:৩০
ইন্ডিয়ার উত্তর প্রদেশ রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে কুয়ায় পড়ে শিশু ও নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজ্যটির কুশিনগর জেলার এক গ্রামে শোচনীয় এ ঘটনাটি ঘটে বলে খবর ইন্ডিয়ার গণমাধ্যমের।
কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালে কংক্রিটের একটি স্ল্যাবে বসেছিলেন নারী ও শিশুরা, যেটি পুরনো একটি কুয়ার আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হয়েছিল। মানুষের ভারে স্ল্যাবটি ভেঙে পড়লে সেখানে বসে থাকা সবাই কুয়ায় পড়ে যান। সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত আরও দুই জন হাসপাতালে ভর্তি আছেন।
কুশিনগর জেলা হাকিম এস রাজালিঙ্গম গণমাধ্যমকে বলেছেন, “দুর্ঘটনাবশত কুয়ায় পড়ে ১১ জন নিহত ও দুই জন গুরুতর আহত হওয়ার তথ্য পেয়েছি আমরা। একটি বিয়ের আসরে এ ঘটনা ঘটেছে। সেখানে কুয়া ঢেকে রাখা একটি স্ল্যাব কিছু লোক বসেছিলেন, ভার বেশি হয়ে যাওয়ায় স্ল্যাবটি ধসে শোচনীয় এ ঘটনাটি ঘটে।”
পরে বার্তা সংস্থা এএনআই এর সঙ্গে কথা বলার সময় গোরাখপুর জোনের এডিজি অখিল কুমার জানান, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
“গতকাল (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কুশিনগরের নেবুয়া নাউরানগিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। কুয়া ঢেকে রাখা একটি স্ল্যাবে কিছু লোক বসেছিল, তাদের ভারে সেটি ভেঙে পড়ে,” বলেন তিনি।
এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এ ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।
ইউডি/সুস্মিত

