কমেডিয়ান কোট্টায়াম প্রদীপ আর নেই
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:১৫
ইন্ডিয়ার মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রদীপ কেআর মারা গেছেন। তিনি কোট্টায়াম প্রদীপ নামে অধিক পরিচিত ছিলেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
পরিবারের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আজ অসুস্থ বোধ করলে কোট্টায়াম প্রদীপকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী মায়া, পুত্র বিষ্ণু, কন্যা বৃন্দাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
কোট্টায়াম প্রদীপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডিয়ার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন—কেরালার মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন, অভিনেতা মোহনলাল, মাম্মতি, পৃথ্বীরাজ প্রমুখ।
১৯৬০ সালে জন্মগ্রহণ করেন কোট্টায়াম প্রদীপ। ২০০১ সালে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। কমেডিয়ান হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে।

