নির্বাচন নিয়ে দাদাগিরি করছে সুজন: ড. হাছান মাহমুদ

নির্বাচন নিয়ে দাদাগিরি করছে সুজন: ড. হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫৫

কোনও অন্তর্বর্তী সরকার নয়, সংবিধান মেনে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচন নিয়ে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, একটি এনজিও যারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাকায় চলে তারা কেন নির্বাচন নিয়ে এত দাদাগিরি করছে?

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দেশের সংবিধানে সকলকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনও সুযোগ রাখা হয়নি। নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী তখন রুটিন দায়িত্ব পালন করবেন। মন্ত্রী বা প্রধানমন্ত্রীর তখন একজন কনস্টেবল বদলির ক্ষমতাও থাকে না। যেভাবে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, তা বিশ্বের বহুদিনের গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত রাষ্ট্রেও বিরল বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী যে সর্বজনীন পেনশনের কথা বলেছেন তা অভাবনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের তিন কোটি মানুষ সামাজিক সুরক্ষার আওতায় ভাতা পাচ্ছে। বাংলাদেশে স্বামী পরিত্যক্তাদের ভাতা দেওয়া হয় যেটি ইউরোপের দেশগুলোতেও নেই। প্রধানমন্ত্রী তার পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন।

গুম-খুন-অপহরণের ধারাবাহিকতায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রিজভী সাহেবরা ১২ বছর আগে থেকে আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। আর কয় বছর বাজাতে হবে সেটা জনগণ ঠিক করবে। বিদায় ঘণ্টা বাজানোর পরেও দুইবার নির্বাচিত করে আওয়ামীলীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করেছেন, তাই আগামী নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করবেন। বিএনপি নেতারা ভুয়া চিঠি দিয়ে বা খালেদা জিয়ার জন্য কাউকে ধরে যদি একটা বিবৃতি আদায় করতে পারে, তাহলে উপকৃত হয়। তারা বিদায়ের ঘণ্টা বাজাতে থাকুক, জনগণ আমাদের সঙ্গে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading