নবীন শিক্ষার্থীদের আগমনে প্রাণচঞ্চল ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের আগমনে প্রাণচঞ্চল ক্যাম্পাস

মেহেরাবুল ইসলাম সৌদিপ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৫:৪৫

‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কন্ঠে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব উচ্চ মাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞান চর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে স্কুল, কলেজের চৌকাঠ পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনো একটিতে নিজের আসন নিশ্চিত করা। জীবনের সকল বাঁধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ মানেই অন্যরকম এক অনুভূতি এবং নতুনত্বের হাতছানি৷ জীবন বিনির্মাণে এক স্থায়ী সূতিকাগারো বলা যায় বিশ্ববিদ্যালয়কে। স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসের বিষয়টা একটু উচ্ছ্বাসের, রোমাঞ্চের। তাদের স্বপ্নময়ী চোখে নতুন উদ্যমে এগিয়ে চলার প্রত্যয় নিয়েই শুরু হয় বিশ্ববিদ্যালয় জীবন। নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো মুখরিত হয়ে উঠেছে।

করোনা ভাইরাসের সংক্রমণের হার কমে আসায় গত ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘স্বাস্থবিধি মেনে’ শ্রেণিকক্ষে ক্লাস শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। বিজ্ঞান ও কলা অনুষদের বিভাগগুলোকে রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি বিভাগেই যেন উৎসবের আমেজ।

আড্ডারত অবস্থায় শিক্ষার্থীরা

সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেয়ার স্থানগুলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো ব্যতীত শহীদ মিনার, টিএসসি, রাজু ভাস্কর্য, কার্জন হলে ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণা। তাছাড়া টিএসসির আশেপাশের চায়ের টং দোকানগুলোতেও ছিল তাদের সরব আনাগোনা। ক্লাসের অনুভূতি জানিয়ে চারুশিল্প বিভাগের শিক্ষার্থী ফারহানা ফেরদৌসী বলেন, নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি পর্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের সূচনা হলো। সময়টা অত্যন্ত প্রাণবন্ত ছিল।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আগমন ঘটছে আগামী ৮ মার্চ। এদিন থেকেই ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নতুন সেশনের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলছে প্রস্তুতি। ইতোমধ্যে বাংলা বিভাগসহ কয়েকটি বিভাগে বরণ করা হয়েছে নবীন শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এর মধ্যে ক্লাস রুটিনও প্রকাশ করা হয়েছে।

শাটল ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ক্লাস শুরু হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে সংগীত বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে গত পহেলা ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয়। এসময় ফুলের তোড়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এছাড়াও ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৩ ফেব্রুয়ারি স্ব স্ব কলেজে অনুষ্ঠিত হয়েছে। নতুন উদ্যোমে বিশ্ববিদ্যালয়ের জীবন অতিবাহিত করতে চায় নবীন এই শিক্ষার্থীরা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading