আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ । আপডেট ১৬:২০
আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) এ বছরে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। এছাড়া একজন পেয়েছেন সম্মানসূচক স্বীকৃতি।
এবার আইওআই প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল ইন্দোনেশিয়া। যোগজাকার্তা শহরে গত ৭ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত হয় আইওআই।
অলিম্পিয়াডের ৩৪তম এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেওয়া চার প্রতিযোগীর মধ্যে রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজের ছাত্র ফারহান আহমদ জিতেছেন রৌপ্যপদক। ব্রোঞ্জ পদক পেয়েছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দেবজ্যোতি দাশ সৌম্য। এছাড়া রাজশাহী ইউনির্ভাসিটি স্কুলের শিক্ষার্থী জারিফ রহমান পেয়েছেন সম্মানসূচক স্বীকৃতি।
বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি জানিয়েছে, বিশ্বের ৮৮টি দেশ থেকে মোট ৩৫৭ জন প্রতিযোগী আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশ নেয়। স্বাগতিক ইন্দোনেশিয়ার আটজন এবং প্রতিটি দেশ থেকে চারজন করে প্রতিযোগিতায় অংশ নেয়। মূল প্রতিযোগিতা হয় ১০ ও ১২ অগাস্ট।
এই অলিম্পিয়াডে বাংলাদেশের পৃষ্ঠপোষক ছিল ডাচ-বাংলা ব্যাংক। তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য ড. মো. কায়কোবাদ এবং ড. এম. সোহেল রহমান।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড’ যাত্রা শুরু করে ১৯৮৯ সালে বুলগেরিয়ায়।
পরে দেশের ছেলেমেয়েদের ‘প্রোগ্রামিংয়ে’ উৎসাহিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপকদের নিয়ে ‘বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি’ প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিটি নিয়ম মেনে ২০০৪ সালে গ্রিসে একজন পর্যবেক্ষক পাঠায়। এবং ২০০৬ সালে বাংলাদেশ থেকে প্রথম প্রতিযোগী দল মেক্সিকোতে অনুষ্ঠিত ‘আইওআইতে’ অংশগ্রহণ করে। এর পর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতা নিয়মিত অংশ নিয়ে আসছে।
২০০৯ সালে সিটি কলেজের ছাত্র মোহাম্মদ আবীরুল ইসলাম বাংলাদেশের হয়ে এ অলিম্পিয়াডের প্রথম রৌপ্য পদক অর্জন করেন।এছাড়া ২০১২ সালে বাংলদেশের ছাত্রী বৃষ্টি সিকদার ইতালিতে আয়োজিত প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে সেরা হন।
বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি এবার প্রাকনির্বাচনী প্রতিযোগিতা আয়োজন করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামে। ১৩-১৪ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ের ওই প্রতিযোগিতা হয়।
ইউডি/সুস্মিত

