এমবাপে-নেইমার জাদুতে মুখরিত পিএসজি

এমবাপে-নেইমার জাদুতে মুখরিত পিএসজি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১০:১০

চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য-ব্যর্থতার ওপরই নির্ভর করে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচদের ভবিষ্যৎ। উনাই এমেরি, থমাস তুখেল থেকে মরিসিও পচেত্তিনো; এদের সবাই ভুরি ভুরি ঘরোয়া সাফল্য এনে দিয়েও পিএসজির ডাগআউটে টিকে থাকতে পারেননি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফল্য এনে দিতে না পারায়।

পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব কতটা, দলটির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সেটা তাই ভালোই জানার কথা। মঙ্গলবার দিবাগত রাতে তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু পেয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপের জোড়া গোলে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়ে শুরু হয়েছে তাদের এবারের চ্যাম্পিয়ন্স লিগ মিশন।

পার্ক দে প্রিন্সে ম্যাচের শুরু থেকে ইতালিয়ান অতিথিদের ওপর ছড়ি ঘোরায় পিএসজি। ম্যাচের বয়স যখন মোটে ৫ মিনিট, তখনই পেয়ে যায় প্রথম গোল। নেইমার-এমবাপের অনিন্দ্য সুন্দর সমন্বয়ে গোলের দেখা পায় তারা। জুভেন্টাস রক্ষণকে নাচিয়ে ছয় ইয়ার্ড বক্সের মাঝে এমবাপের জন্য দারুণ একটি লব করেন নেইমার। সেখান থেকে জোরালো শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি ফরাসি ফরোয়ার্ডের।

ঘড়ির কাটা আধঘণ্টা পেরোনোর আগেই ফের জুভেন্টাস বক্সে পিএসজির হানা। মরোক্কান ফুলব্যাক আশরাফ হাকিমির সঙ্গে ওয়ান-টু খেলে লো শটে আবারও ইতালিয়ান জায়ান্টদের জাল কাঁপান এমবাপে। প্রথমার্ধের বাকি সময়ও জুভেন্টাসকে ভালোই ভুগিয়েছে পিএসজি। ৬০ শতাংশের বেশি বলের দখল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতেই।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হোঁচট খায় স্বাগতিক পিএসজি। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির এক বদলিতে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। মিডফিল্ডার ফাবিও মিরেত্তিকে উঠিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনিকে মাঠে নামান অ্যালেগ্রি। এই বদলির ফল হাতেনাতে পেয়ে যায় পিএসজি। মাঠে নামার মিনিট আটেকের মধ্যেই ইতালিয়ান ক্লাবটিকে ‘লাইফলাইন’ এনে দেন ম্যাককেনি।

ম্যাচের ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ক্লাবের নতুন সার্বিয়ান ফুলব্যাক ফিলিপ কস্তিচের নিখুঁত এক ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান ম্যাককেনি। এর মিনিট দুয়েক পরেই সমতায় ফিরতে পারত পিএসজি। তবে স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের জোরালো হেডার দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পিএসজির গোলরক্ষক জিয়ালুইজি দোন্নারুমা, ফিরতি শটটি লক্ষ্যে রাখতে পারেননি দুই মিনিট আগেই পিএসজির জালে বল জড়ানো ম্যাককেনি।

৮১ মিনিটে আবারও পিএসজির ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক দোন্নারুমা। ক্লোজ রেঞ্জ থেকে করা ম্যানুয়েল লোকাতেলির দুটি শট ঠেকিয়ে দিয়ে ফরাসি ক্লাবটির লিড সমুন্নত রাখেন ইতালিয়ান গোলরক্ষক।

এদিকে জুভেন্টাসের বিপক্ষে নিজের ছায়া হয়েই ছিলেন লিওনেল মেসি। নেইমার-এমবাপের জাদুতে পিএসজির জয় নিশ্চিত হলেও এদিন নিজের সেরাটা হাতড়ে বেড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ৮৪ মিনিটে পিএসজি কোচ গালতিয়েরের তাকে উঠিয়ে বদলি হিসেবে এই মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে পিএসজিতে আসা কার্লোস সোলেরকে মাঠে নামানোর সিদ্ধান্তও সেটারই সাক্ষ্য দেয়।

আসরের প্রথম ‘হাইভোল্টেজ’ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশনে সম্ভাব্য সেরা শুরুটাই পেয়েছে পিএসজি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading