আই ফোন উৎপাদন: ইন্ডিয়ার বাণিজ্য কোন পথে?
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:১০
গত সপ্তাহে অ্যাপল ঘোষণা দেয় যে তারা তাদের নতুন মডেলের ‘আই ফোন ১৪’ ইন্ডিয়াতে তৈরি করবে। এই ঘোষণা চীনের বাইরে কোম্পানিটির উৎপাদন ব্যবস্থার বহুমুখীকরণে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। চলতি বছর ইন্ডিয়ায় শতকরা ৫ ভাগ আই ফোন-১৪ উৎপাদন করা হবে যা বিশ্লেষকদের মতে খুব দ্রুততর উদ্যোগ।
বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের বিশ্লেকদের মতে, ২০২৫ সাল নাগাদ সব আইফোনের শতকরা ২৫ ভাগ উৎপাদন শুরু হতে পারে ইন্ডিয়ায়। অ্যাপল ২০১৭ সাল থেকে ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে পণ্য উৎপাদন করে আসছে।
৬ থেকে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ও সহনশীল মূল্যস্ফিতির কারণে দেশটি এই মুহূর্তে স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। নরেন্দ্র মোদি সরকার দ্বীপাক্ষিক বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বের সরবরাহ ব্যবস্থায় স্থায়ী আসন করে নিতে। আর তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে ব্যবসায়ীরা। তবে এখনও কিছু কিছু বিষয়ে তাদের সমস্যা রয়ে গেছে। বিদেশি কোম্পানিগুলোর মতে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সমস্যার পাশাপাশি রক্ষণশীলতা দেশটির বাণিজ্যিক অগ্রসরতায় অন্যতম অন্তরায়।

বেইজিং ও ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্কের টানাপোরেনের মধ্যে অ্যাপলের হালনাগাদ মডেলের ফোন ইন্ডিয়ায় উৎপাদনের সিদ্ধান্ত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। চীনের ‘শুন্য কোভিড নীতি’র কারণে বিশ্ব সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কমাতে এই উদ্যোগ সত্যিকার অর্থে একটি তাৎপর্যময় ঘটনা।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইন্ডিয়া বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ দেশে আনতে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ও রপ্তানি হাব হিসেবে আত্মপ্রকাশ করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির রয়েছে বিশাল অভ্যন্তরীন বাজার ও প্রচুর সস্তা শ্রম।
ইউডি/সুপ্ত

