রুট পারমিটবিহীন কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: আতিক

রুট পারমিটবিহীন কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: আতিক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ২০:১০

রুট পারমিটবিহীন কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ২২ ও ২৬ নম্বর রুটে ‘ঢাকা নগর পরিবহনের’ বাস সেবা চালু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান মেয়র।

রুট পারমিটবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এক রাস্তার গাড়ি আরেক রাস্তায় চলতে পারবে না।
মেয়র আতিকুল ইসলাম নিয়মিত সমন্বিত অভিযানের মাধ্যমে এর তদারকি করতে হবে জানিয়ে মেয়র বলেন, ‘সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে আমাদের কঠোর হতে হবে। এই নগরীকে বাসযোগ্য নগরী করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে হবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘এই বাস রুট ফ্রাঞ্চাইজে যারা আসবেন তারা লাভবান হবেন। এই রুটগুলোতে অন্য বাস চলতে দেওয়া যাবে না, এ জন্য বিআরটিএ এবং ডিএমপির সহযোগিতা প্রয়োজন।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।

দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ ছাড়াও উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদসহ ডিএমপি, রাজউক এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

এ দিন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে নতুন বাস সেবা চালুর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির মেয়রগণ নগর পরিবহনের নতুন বাসে চড়ে শুক্রাবাদ যাত্রী ছাউনিতে যান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রী ছাউনির উদ্বোধন করেন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading