নারী এশিয়া কাপ: ইন্ডিয়ার সপ্তম শিরোপা জয়
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:১৫
নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ব্যাটিং ধসে ফেলে বড় জয় বাগিয়ে নিয়েছে ইন্ডিয়া। লঙ্কানদের দেয়া ৬৬ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আগের ছয় বারের চ্যাম্পিয়নরা। আর সিলেটে এবারের আসর জয় করে ইন্ডিয়ার মেয়েরা ঘরে তুলল এশিয়া কাপের ৭ম শিরোপা।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৩৫ রানেই শেফালি ভার্মা ও জেমিনাহ রদ্রিগেজের উইকেট হারায় ইন্ডিয়া। শেফালি করেন ৫ রান আর রদ্রিগেজ ২ রান। তবে স্মৃতি মান্ধানার ২৫ বলে অপরাজিত ৫১ ও হারমানপ্রীত কৌরের ১১ রানের সুবাদে হেসেখেলেই জয় বাগিয়ে মাঠ ছাড়ে ইন্ডিয়া।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি লঙ্কানরা। ইনিংসের তৃতীয় ওভারেই তাদের সঙ্গী হয় ব্যাটিং ধস। স্কোরবোর্ডে ১৮ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়ে বসে ৬ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন ঘটতে থাকলে শেষ পর্যন্ত ৯ উইকেট খরচায় ৬৫ রান তুলতে সক্ষম হয় দেশটি।
দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইনোকা রানাউইরা। তার ব্যাট থেকে আসে ১৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ওশাদি রানাসিংহে। বাকিরা মাঠ ছাড়েন এক অঙ্কের ঘরে আটকে থেকেই। ইন্ডিয়ার হয়ে রেণুকা সিং ৫ রান খরচায় নেন ৩ উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা নেন দুটি করে উইকেট।
ইউডি/সুপ্ত

