ইনস্ট্যান্ট আর্টিকেল আর থাকছে না ফেসবুকে
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:০০
ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার সেই ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা বন্ধ করছে তারা। আগামী বছরের (২০২৩ সাল) এপ্রিল মাসে বন্ধ হবে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র ইরিন মিলার জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে অথবা আগামী বছরের এপ্রিলের মধ্যে এই সেবা বন্ধ হয়ে যাবে। তিনি জানিয়েছেন, নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন।
এই সেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার উপরেও পড়তে পারে।
প্রসঙ্গত, প্রকাশকদের জন্য ২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে ফেসবুক। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।
ইউডি/সুপ্ত

