টি-টোয়েন্টি বিশ্বকাপ: জয় দিয়েই শুরু করতে চায় ইংল্যান্ড-আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: জয় দিয়েই শুরু করতে চায় ইংল্যান্ড-আফগানিস্তান

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ০৮:০০

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বে আজ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শক্তিশালী ইংল্যান্ড ও বিস্ময় জাগানো আফগানিস্তান। গ্রুপ-১’র ম্যাচে উভয় দলই চায় জয় দিয়ে মিশন শুরু করতে। পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ইংল্যান্ড-আফগানিস্তানের এই ম্যাচ।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই মিশন শেষ করতে হয় ইংল্যান্ডকে। টুর্নামেন্টের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে ম্যাচ হারে সুপার টুয়েলভে দুর্দান্ত ক্রিকেট খেলা ইংলিশরা। গত বিশ্বকাপের পর এ পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এরমধ্যে জয় ১০টিতে, হার ১০টিতে। ১টি ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়।

এসবের মধ্যে ইংল্যান্ডের সেরা সাফল্য সর্বশেষ দু’টি সিরিজ জয়। পাকিস্তানের মাটিতে সাত ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছে ইংলিশরা। সিরিজটিতে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক জশ বাটলার-জনি বেয়ারস্টো। দলের অধিনায়ক বাটলার বলেন, বিশ্বকাপের আগে জয়ের মধ্যে থাকা অনেক বড় ব্যাপার। যা আমরা করেছি। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

এদিকে গত বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলেছিলো আফগানিস্তান। ৫ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে এবং ৩টিতে পরাজিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৫টি টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। জয় পেয়েছে ৮টিতে। হার ছিলো ৭টিতে। সর্বশেষ এশিয়া কাপে সুপার ফোর থেকে আসর শেষ করে তারা।

বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রস্তুতিতে কোন ঘাটতি নেই বলে মনে করেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মত নবি। তিনি বলেন, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি আমরা। তবে প্রস্তুতিতে কোন ঘাটতি নেই। সুপার টুয়েলভে বড়-বড় দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। জয় দিয়ে আসর শুরু করতে পারলে, দারুন হবে। পরের ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে।
এখন পর্যন্ত ২টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। বিশ্বকাপের দু’টিতেই জিতেছে ইংল্যান্ড। ২০১২ ও ২০১৬ সালের বিশ্বকাপে হয়েছিলো ম্যাচ দু’টি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading