নভেম্বরে আসছে মির্জা ফখরুলের বই ‘আমার স্বপ্ন আমার দেশ’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৫৬
বিভিন্ন সভা, সমাবেশ ও সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সংকলন ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দুই খণ্ডের বই প্রকাশিত হতে যাচ্ছে। আগামী নভেম্বর মাসে এর প্রকাশনা উৎসব হওয়ার কথা রয়েছে।
২০১৪ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে সভা, সমাবেশে ও সেমিনারে যেসব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তা স্থান পাবে এই বইয়ে। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বিএনপি মহাসচিবের কয়েকটি লেখাও থাকছে বইটিতে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে দুই খণ্ডের বইটি প্রকাশিত হচ্ছে। বইয়ের প্রকাশক হলেন জহির মো. দীপ্তি। আর বইয়ের ভূমিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই লিখেছেন। মুখবন্ধ লিখেছেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। দুই খণ্ডের এই বইয়ের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।’
প্রথম খণ্ডে এক থেকে ২৯টি অধ্যায় ও পরের খণ্ডে ২৯ থেকে ২১০টি অধ্যায় থাকছে জানিয়ে শায়রুল কবির বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমাদের লক্ষ্য গুণগত পরিবর্তন ও কল্যাণ রাষ্ট্র গঠন করা, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, এই সংকট বিএনপির একার নয় দেশের সবার ও গণতন্ত্র পুনঃরুদ্ধার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরেয়ে আনতে হবে এবং মেগা প্রজেক্ট নামে হরিলুট চলছে- শিরোনামে একাধিক বক্তব্যের সংকলন রয়েছে।’
ইউডি/এআই

