আধুনিক যুদ্ধের ‘গেম চেঞ্জার’ তুর্কি ড্রোন, দাবি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৩৩
আধুনিক যুদ্ধে তুরস্কের ড্রোনগুলো “গেম চেঞ্জার” হয়ে উঠেছে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। বুধবার (২৬ অক্টোবর) তিনি এমন কথা বলেছেন। এ সময় তিনি বলেন যে তুর্কি ড্রোনগুলো আধুনিক যুদ্ধের রীতি বদলে দিয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য সামনে আনলো সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
তুরস্কের ইস্তাম্বুলের একটি প্রতিরক্ষা ইভেন্ট সাহা এক্সপোতে বক্তৃতা দিতে গিয়ে বেন ওয়ালেস এসব কথা বলেছেন। ওই সময় এ প্রতিরক্ষা প্রদর্শনীতে রাখা তুর্কি ড্রোন ও নতুন সামরিক অস্ত্রগুলো পরীক্ষা করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।
ওয়ালেস জানিয়েছেন, তুর্কি ড্রোনগুলো বিশ্বের বিভিন্ন অংশে যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে। এ ড্রোনগুলোর বিষয়ে বলা হচ্ছে যে এ যুদ্ধাস্ত্রগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অবিশ্বাস্যভাবে এক ধরণের গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গবেষণা করছি। আমরা এ যুদ্ধের অভিজ্ঞতার আলোকে আমাদের সশস্ত্র বাহিনীতে বিনিয়োগ করছি। আমরা এ যুদ্ধ থেকে যে সকল শিক্ষা পাচ্ছি তা থেকে শেখার চেষ্টা করছি।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ব্রিটেন তার সশস্ত্র বাহিনীকে আধুনিক করছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি সেনাবাহিনীর জন্য ২৬.৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।
ইউডি/সিফাত

