ইন্ডিয়ার জন্য মূল ড্রেসিংরুমে ঠাঁই পেলো না বাংলাদেশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৪৫
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করতে পারেনি টাইগাররা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্যাটে-বলে চরম ব্যর্থতায় প্রোটিয়াদের কাছে ১০৪ রানের হারের লজ্জায় ডুবেছে সাকিব-লিটনরা। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে সিডনিতে টাইগারদের সঙ্গে ড্রেসিংরুম অব্যবস্থাপনার বিষয়টি।
ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলা অনুষ্ঠিত হয়। দুঃখজনক হলো টাইগারদের জন্য বরাদ্দ ছিল রাগবি খেলোয়াড়দের ব্যবহৃত ড্রেসিংরুমটি। পড়ে জানা যায়, সিডনির মূল ড্রেসিংরুমটি মূলত বরাদ্দ ছিল ইন্ডিয়া এবং নেদারল্যান্ডসের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে একই মাঠে শুরু হয় ইন্ডিয়ার ম্যাচ।
আইসিসি’র এমন অব্যবস্থাপনায় বিসিবির এক কর্মকর্তা জানান,’আমাদেরকে ক্রিকেটের মূল ড্রেসিংরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে রাগবির ড্রেসিংরুম, যেখান থেকে খেলা দেখাই যায় না। আমাদের ডাগআউটে বসে খেলা দেখতে হয়েছে’।
শুধু ড্রেসিংরুমের অব্যবস্থাপনাই নয়। ম্যাচ শেষে পার্কিংয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয় টাইগারদের। টিম বাস দেরিতে আসায় অনেকটা সময় মাঠেই কাটাতে হয় মিরাজ-মুস্তাফিজদের।
ইউডি/সিফাত

