রবিবার ঢাকায় ইউএনপোল ডে উদযাপিত হবে

রবিবার ঢাকায় ইউএনপোল ডে উদযাপিত হবে

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ অক্টোবর ২০২২। আপডেট ১১:০০

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের পুলিশ ডিভিশন এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনাইটেড নেশনস পুলিশ ডে-২০২২ (ইউএনপোল ডে)। রবিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ইউএনপোল ডে উদযাপিত হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল (রবিবার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দিনব্যাপী আয়োজিত ইউএনপোল ডে-২০২২ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতিসংঘের পুলিশ ডিভিশনের ভারপ্রাপ্ত পুলিশ অ্যাডভাইজার কমিশনার জুন টান, জাতিসংঘ সদর দপ্তরের ইন্টিগ্রেটেড ট্রেনিং সার্ভিসের প্রধান মার্ক পেডারসেন, পুলিশ ডিভিশন ও ইন্টিগ্রেটেড ট্রেনিং সার্ভিসের প্রতিনিধিরা, আইএপিটিসি নির্বাহী কমিটির পুলিশ চেয়ার ব্রিগেডিয়ার জেনারেল জিওভানি বারবানো, সেন্টার ফর এক্সিলেন্স ফর স্ট্যাবিলিটি পুলিশ ইউনিটের ডিরেক্টর অংশগ্রহণ করবেন।

এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, প্রশিক্ষক এবং শান্তিরক্ষা মিশনগামী কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের পিসকিপিং প্রশিক্ষকরা অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, জাতিসংঘ সদর দপ্তরের পুলিশ ডিভিশন ইউএনপোল ডে উদযাপনের মাধ্যমে বিশ্বব্যাপী ইউনাইটেড নেশনস ট্রেনিং আর্কিটেকচার প্রোগ্রাম এবং আন্তর্জাতিক পুলিশিংয়ের জন্য কৌশলগত গাইডেন্স ফ্রেমওয়ার্কের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের পুলিশিং কার্যকারিতা বৃদ্ধি এবং প্রমিত পদ্ধতির বিষয়ে পুলিশ প্রেরণকারী সদস্য রাষ্ট্র ও পিসিকিপিং প্রশিক্ষকদের অবহিত করে থাকে। এছাড়া, পুলিশ সদস্যরা নিজেদের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ, দক্ষতা এবং লজিস্টিকস্ সক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা লাভে সক্ষম হবেন।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে নিউজিল্যান্ড এবং পেরুতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টারস (আইএপিটিসি) এর বার্ষিক সম্মেলনের আগের দিন ইউএনপোল ডে আয়োজন করা হয়। এ বছর আইএপিটিসি’র ২৬তম বার্ষিক সম্মেলন ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), গাজীপুরে অনুষ্ঠিত হবে। এর আগের দিন অর্থাৎ ৩০ অক্টোবর ঢাকায় আয়োজিত হচ্ছে ইউএনপোল ডে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading