রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৫০
রাজনীতির নামে জ্বালাও-পোড়া ভাঙচুর করে কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টার ঢাকা মহানগর পুলিশ আয়োজিত কমিশনার’স মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এসব কথা বলেন।

রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে পুলিশের কোনো ভূমিকা নেই জানিয়ে তিনি বলেন, এনিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা নিয়ে, কেউ মিছিল করবে মিটিং করবে এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু কেউ যদি রাজনীতির নামে গাড়ি ভাংচুর করে, রাজনীতির নাম নিয়ে গাড়িতে আগুন দেয়, রাস্তার গাছ কেটে অবরোধ করে তাহলে এগুলো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যায়। ফৌজদারি অপরাধ করলে আমরা কঠোর হস্তে দমন করবো, নিয়ন্ত্রণ করবো। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সহযোগিতা করবো।
থানাকে গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো ঠিকভাবে চলছে কিনা বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কিনা সে বিষয়টি আমরা মনিটরিং করছি। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে প্রতি সপ্তাহে শুক্রবার ভিন্ন ভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের আগে তিনি একটি বক্তব্য দেন। যাতে মানুষজন অপরাধ করা থেকে বিরত থাকে।
তিনি বলেন, চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির নগরবাসীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো।
ইউডি/সুপ্ত

