ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মশিউর রহমান আর নেই

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মশিউর রহমান আর নেই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫

বিএনপি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মসিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের নিজ বাসায় মারা যান তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মসিউর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম মসিউর রহমান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝিনাইদহের গীতাঞ্জলী সড়কের বাসায় মসিউর রহমান একাই থাকতেন। পরিবারের সবাই ঢাকায় থাকেন। আজ সকালে তিনি তার ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে জানান। ড্রাইভারসহ অন্যরা এসে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা মসিউর রহমানকে বিছানায় পড়ে থাকতে দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মসিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় মসিউর রহমানকে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু জানান, জেলার উন্নয়নের জন্য মসিউর রহমানের অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়ে গেল।

জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ জানান, ঝিনাইদহে বেশির ভাগ উন্নয়ন মসিউর রহমানের হাত ধরেই হয়েছে। তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। জননন্দিত এ নেতার মৃত্যুতে বিএনপির অপূরনীয় ক্ষতি হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading