টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোহলির ফেক ফিল্ডিং নিয়ে ইন্ডিয়ান গণমাধ্যমেও উত্তাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোহলির ফেক ফিল্ডিং নিয়ে ইন্ডিয়ান গণমাধ্যমেও উত্তাপ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৩৫

ইন্ডিয়া-বাংলাদেশের ম্যাচের উত্তাপ ইন্ডিয়ান গণমাধ্যমেও। দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোহলির ফেক ফিল্ডিংয়ের বিষয়টি।

হিন্দুস্তান টাইমস, এনডিটিভি থেকে শুরু করে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমে ফলাও করে তুলে ধরা হয়েছে ফেক ফিল্ডিংয়ের বিষয়টি। দেশটির সোশ্যাল মিডিয়ায়ও চলছে আলোচনা-সমালোচনা।

বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারে অক্ষর প্যাটেলের দ্বিতীয় বলটি থার্ডম্যান অঞ্চলে পাঠিয়ে দুই রানের জন্য দৌড়ান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। থার্ডম্যান অঞ্চল থেকে ওই বলটি উইকেটকিপারের দিকে থ্রু করেন আর্শদীপ সিং। ওই বল না ধরেই ছায়া ফিল্ডিং করেন বিরাট কোহলি, যা ক্রিকেটের নিয়মবিরুদ্ধ।

এ বিষয়টি নাকি তৎক্ষণাৎ আম্পায়ারদের অবহিতও করেন ক্রিজে থাকা শান্ত। কিন্তু আম্পায়াররা জানান, সেটি তাদের নজরে পড়েনি। তৃতীয় আম্পায়ারও আপত্তি করেননি। তবে নজরে এলে এবং সত্যিকার অর্থে ফেক ফিল্ডিং হয়ে থাকলে পাঁচ রান পেত বাংলাদেশ। যেখানে পরে বৃষ্টি আইনে লক্ষ্য তাড়া করতে নেমেও একই ব্যবধানে হেরেছে টাইগাররা।

আইসিসির ৪১ দশমিক ৫ ধারা অনুযায়ী ব্যাটারকে কোনোভাবে বাধা দিলে বা বিক্ষিপ্ত করার চেষ্টা করলে আম্পায়াররা বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসেবে দিতে পারেন। এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছেন দুই আম্পায়ার।

ম্যাচ শেষে এ নিয়ে অভিযোগ জানান নুরুল হাসান সোহান। তবে কর্ণপাত করেননি আম্পায়াররা। বিষয়টি তুলে ধরা হয়েছে ইন্ডিয়ান গণমাধ্যমেও। বেশ গুরুত্ব দিয়ে এ খবর প্রচার করেছে তারা। ইন্ডিয়ান দৈনিক আনন্দবাজারের শিরোনাম ছিল: বিরাট প্রতারণা, কোহলির বিরুদ্ধে ভুয়া ফিল্ডিংয়ের অভিযোগ।

এ ছাড়া হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, জি নিউজ, ক্রিকট্র্যাকারসহ দেশটির প্রায় সব গণমাধ্যমেই ঠাঁই করে নিয়েছে এ খবর। যদিও এমন পরিস্থিতিতেও বাংলাদেশের সমর্থকদের অজুহাত না খুঁজে বড় হওয়ার পরামর্শ ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলের।

তিনি বলেন, ‘আমার বাংলাদেশের বন্ধুদের বলছি ফেক ফিল্ডিং, ভেজা মাঠ এসব নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। যদি একজন ব্যাটসম্যানও শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করতে পারত। তবে বাংলাদেশ ম্যাচ জিততে পারত। কিন্তু তারা কি সেটা পেরেছে?’

ভোগলে যাই বলুন না কেন, এ আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইন্ডিয়ান এক সাংবাদিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: ‘কষ্ট করে জেতার বদলে আইসিসির কাছ থেকে শিরোপাটা ইন্ডিয়ান দলকে নিয়ে দিলেই পারে বিসিসিআই।’

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading