এ পার্লামেন্ট বাতিল করতে হবে : রব
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ২১:৪০
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, জনগণ মাঠে নেমেছে। চালের বস্তা, পলিথিন, ডাল-আলু নিয়ে জনসভায় যাচ্ছে। এটা জনযুদ্ধের সূচনা। এটা অস্ত্রবিহীন জনগণের যুদ্ধ। এ যুদ্ধে আমাদের জিততে হবে। এ লড়াই গরিব মানুষের লড়াই। এ লড়াই অংশীদারিত্বে গণতন্ত্রের লড়াই। লড়াই করবো একসঙ্গে খাব একসঙ্গে। এ সংবিধান কোনো কাজে আসবে না, এ পার্লামেন্টকে বাতিল করতে হবে। এ পার্লামেন্ট দুর্নীতিকে সমর্থন করে অন্যায়কে সমর্থ করে।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের ভাষানী মিলনায়তনে জেএসডির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন পরিকল্পনা দেশে দুর্দশা ডেকে এনেছে। আজকে আমাদের রিজার্ভ নেই, খাদ্য কেনার টাকা নেই। বিদ্যুৎ নেই, বেকারত্ব ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে নীরব একটি দুর্ভিক্ষ চলছে। মানুষ বাঁচানোর দায়িত্ব সরকারের নেই। তিন বছর পর দুর্ভিক্ষ আসবে। টাকা থাকবে কিন্তু খাবার পাবেন না। ৭৪ সালেও একই অবস্থা হয়েছিল।
ভোট জালিয়াতির জন্য ইভিএম কেনা হচ্ছে উল্লেখ করে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যে দেশে বৈদিশেক মুদ্রা নেই সেখানে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ইভিএম কেনার দরকার কি? তারা তো ক্ষমতায় থাকবে না? তখন ইভিএমের টাকা পরিশোধ করবে কে? এই সরকারের অধিনে তো কোনো নির্বাচন হবে না।

জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, কার্যকারী সভাপতি সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিকুজ্জামান পিরাছা প্রমুখ।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
ইউডি/আতা

