৩২ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা

৩২ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

৩২ দিনের শিশুকে নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন পাবনার সুজানগর উপজেলার রাজিয়া সুলতানা। তিনি মানবিক বিভাগের শিক্ষার্থী। রবিবার (৬ নভেম্বর) সুজানগর পৌর সদরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে আসেন রাজিয়া। কোলে ছিল তার ৩২ দিনের শিশু।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের। তিনি মানবিক দিক বিবেচনায় কলেজ অধ্যক্ষকে বলে শিশু সন্তানকে আলাদা কক্ষে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করে দেন।

এমন পদক্ষেপে খুশি পরীক্ষার্থী রাজিয়া সুলতানা। তিনি বলেন, কেন্দ্রে যাওয়ার পর ভয় ভয় করছিল। কী জানি কী হয়। বাচ্চাটিও কাঁদছিল। কিভাবে পরীক্ষা দেব, সন্তানের চিন্তায় কিছুই ভেবে পাচ্ছিলাম না। তবে ইউএনও স্যারসহ সবাই আমাকে সাহস দিয়েছেন। আমার পাশে দাঁড়িয়ে বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ।

নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আলমগীর হোসেন বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে কলেজের আলাদা একটি কক্ষে রাজিয়ার শিশু সন্তানের জন্য ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার শেষদিন পর্যন্ত তাকে আমরা এ সুযোগ দেব।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, সকাল ১১টায় পরীক্ষা ছিল। সাড়ে ১১টায় ওই কেন্দ্রে গিয়ে দেখতে পাই একজন মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি জানান বাচ্চার মা পরীক্ষা দিচ্ছে। ওই সময় শিশুটি কাঁদছিল। আমি মহিলাকে ডেকে নিয়ে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে পরীক্ষা হলের পাশের রুমে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করে দিই। যতবার বাচ্চার প্রয়োজন, ততবার তার মা যেন তাকে দুধ পান করাতে পারেন।

তিনি বলেন, এই অবস্থায় সচরাচর কেউ পড়াশোনা চালিয়ে যেতে পারে না। কিন্তু রাজিয়া পেরেছে। তার ইচ্ছা ও মনোবল দেখে খুশি হয়েছি। আশা করছি রাজিয়া শেষ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং ভালো ফল করবে।

কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান, কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading