নিষেধাজ্ঞা: জি এম কাদেরের আবেদনের বিষয়ে আদেশ ১৬ নভেম্বর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২৪
গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের আবেদনের বিষয়ে আদেশের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ শুনানি হয়৷ বিকেলে আদেশের জন্য আদালত এ দিন ধার্য করেন।
জি এম কাদেরের অন্যতম আইনজীবী কলিম উল্লাহ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: কার্যক্রমে নিষেধাজ্ঞা: জবাব দাখিলের সময় পেলেন জিএম কাদের
এদিন জি এম কাদেরের পক্ষে শুনানি করেন তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী ও জাতীয় পার্টির নেতাকর্মী এজলাস কক্ষে ও বাইরে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: ‘নিষেধাজ্ঞা’ বাতিল চেয়ে জিএম কাদেরের আবেদন
গত ৬ অক্টোবর শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে এ আবেদন করেন। আবেদনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়েছে।
গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা এ মামলা করেন।
ইউডি/এআই

