পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ২৩:৩০

পাকিস্তান যুব দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩ ম্যাচ সিরিজের ১ম ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫০ ওভারের খেলায় স্বাগতিকদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান যুব দল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন আরাফাত মিনহাজ। আরেক ব্যাটার উজাইর মুমতাজ করেন ৫৭ রান। টাইগার পেসার মারুফ মৃধা চারটি এবং মোহাম্মদ রাফিউজ্জামান দুটি উইকেট শিকার করেন।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশের দুই ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আশিকুর রহমান শিবলি জোড়া হাফ সেঞ্চুরি করেন। এই দুই ওপেনার শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন পাক বোলারদের উপর। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৬০ রান। রিজওয়ান বিদায় নেন ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এরপর আশিকুর ফেরেন ৭৪ রান করে।

তিনে নামা জিসান আলম টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরে যান ১১ রানে। পরবর্তীতে বাকি পথ পাড়ি দেন শাহরিয়ার সাকিব এবং আহরার আমিন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব ১৮ এবং আমিন অপরাজিত ছিলেন ৭ রানে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাজা।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০২/১০ (৪৫ ওভার) (আরাফাত ৭১*, উজাইর ৫৭; মারুফ ৪/৩৮, রাফি ২/২৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০৫/৩ (৪০.১ ওভার) (রিজওয়ান ৭৯, আশিকুর ৭৪; রাজা ২/৪৪)

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading