মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৬
আমেরিকার টেক্সাসে এয়ার শো চলাকালে মাঝ আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের দুটি পুরনো বিমানের মধ্যে সংঘর্ষের পর উভয় উড়োজাহাজই বিধ্বস্ত হয়েছে।
‘ভেটেরান ডে’ উপলক্ষে শনিবার ডালাসের কাছে ওই এয়ার শো হচ্ছিল। সংঘর্ষে জড়ানো দুটি বিমানের মধ্যে একটি বোয়িং বি-১৭ বলে জানিয়েছে বিবিসি।
ভিডিও ফুটেজে বিমানদুটির মধ্যে সংঘর্ষের পর একটি বিমানকে আকাশেই টুকরো টুকরো হয়ে পড়তে দেখা গেছে। অপর বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর একটি আগুনের কুণ্ডলী দেখা যায়। উভয় বিমানই খুব নিচ দিয়ে উড়ছিল।
এ ঘটনায় হতাহতের সংখ্যা কর্তৃপক্ষ না জানালেও দুই নিহতের নাম-পরিচয় জানিয়েছে এলাইড পাইলটস অ্যাসোসিয়েশন।
আমেরিকার এয়ারলাইনসগুলোর পাইলটদের প্রতিনিধিত্বকারী এ সংস্থাটি জানায়, শনিবার নিহতদের মধ্যে তাদের সাবেক দুই সদস্য টেরি বার্কার ও লেন রুট আছেন।
ডালাসে আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক প্রধান এয়ার শো’তে দুটি বিমানের সংঘর্ষের ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।
ডালাসের মেয়র এরিক জনসন এ ঘটনাকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ অ্যাখ্যা দিয়ে জানান, হতাহতের পুরো সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আকাশে দুই বিমানের সংঘর্ষ ও বিধ্বস্তের ঘটনায় ভূমিতে থাকা কেউ আহতও হননি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে বি-১৭ বোমারু বিমান বেশ কার্যকর ভূমিকা রেখেছে। দুর্ঘটনায় পড়া অপর বিমানটি হচ্ছে পি-৬৩ কিংকোবরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনী এ বিমানটি ব্যবহার করতো।
বি-১৭ বিমানে সাধারণত চার থেকে পাঁচজন ক্রু থাকে; পি-৬৩ তে থাকে একজন চালক, বলেছেন কোমেমোরেটিভ এয়ার ফোর্সের হ্যাঙ্ক কোটস।
ইউডি/এআই

