জনগণের সেবাপ্রাপ্তি সহজ করবে ‘হ্যালো এসবি অ্যাপ’ : আইজিপি

জনগণের সেবাপ্রাপ্তি সহজ করবে ‘হ্যালো এসবি অ্যাপ’ : আইজিপি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ২০:০০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জনগণের সেবাপ্রাপ্তি সহজ করতে ‘হ্যালো এসবি অ্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটি একটি চমৎকার উদ্যোগ। বুধবার (১৬ নভেম্বর) স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে হ্যালো এসবি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

এসবি সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, এসবি সবচেয়ে পুরনো ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক, আইন-শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ ও ধর্মীয় উৎসব পালনসহ যেকোনো ইস্যুতে আগাম গোয়েন্দা তথ্য দিয়ে এসবি সরকারকে সহযোগিতা করে থাকে। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো.মনিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এর আগে আইজিপি স্পেশাল ব্রাঞ্চের মাল্টিপারপাস হলে এসবি সদস্যদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মো.মনিরুল ইসলাম বলেন, নবীন ও প্রবীণ কর্মকর্তাদের সমন্বয়ে এসবি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অনেক সফল কাজের পাশাপাশি এসবির রেকর্ড অ্যান্ড আর্কাইভস শাখায় অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। যার ওপর ভিত্তি করে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন, বাংলাদেশ’, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’, ‘কারাগারের রোজনামচা’ ইত্যাদি সংকলন তৈরি হয়েছে।

এসময় সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এসবির ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবির বক্তব্য রাখেন। এসবির বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading