হজযাত্রীদের কোনো এজেন্সি হয়রানি করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

হজযাত্রীদের কোনো এজেন্সি হয়রানি করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজযাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে সে এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা সম্মেলন-২০২২ এবং হজ ও ওমরাহ মেলা’ আয়োজন করেছে।

শেখ হাসিনা বলেন, এখন অনলাইন সুবিধা ব্যবহার করে প্রাক-নিবন্ধন প্রক্রিয়া সারা বছর চলমান আছে। এর মাধ্যমে জনগণের দোড়গোড়ায় দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা দেওয়া হচ্ছে-যা আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে হজযাত্রীরা সহজেই তাদের যাবতীয় তথ্য ও সেবা নিতে পারছেন। দেশ-বিদেশ থেকে হজযাত্রীদের আত্মীয়-স্বজনরা তাদের অবস্থান সম্পর্কে জানতে পারছেন। হজযাত্রীরা তাদের ভিসা, পাসপোর্ট, আবাসন, মেডিকেল সুবিধা, সৌদি আরব গমন, প্রত্যাগমন ইত্যাদি বিষয়ে সহজে সেবা গ্রহণ করতে পারছেন। হজযাত্রীদের জন্য স্বল্প সময়ে সেবা দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে সুরক্ষা অ্যাপসের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। যার ফলে হজযাত্রীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত তথ্যাদি সহজেই জানা সম্ভব হচ্ছে এবং হজযাত্রীদের ই-হেলথ প্রোফাইল প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরকারপ্রধান বলেন, হজযাত্রীদের সুবিধার্থে আমরা ২০১০ সালে হজযাত্রীদের সেবার জন্য জেদ্দা হজ টার্মিনালে প্লাজা ভাড়া করে দিয়েছি। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা বিমানের হজ পূর্ববর্তী খালি ফ্লাইটে জমজমের পানি ঢাকায় আনার ব্যবস্থা করেছি। বাড়ি ভাড়ার ক্ষেত্রে আগের কোটাভিত্তিক ফায়দা ভোগের অনিয়মকে দূর করে বাড়ি ভাড়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় নিকটবর্তী স্থানে সাশ্রয়ী এবং উন্নত বাড়ি বা হোটেল ভাড়া করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৯ সালের হজে সৌদি আরবের ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ এর আওতায় প্রায় ৬০ হাজার জন হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হয়েছে ,যা মোট হজ যাত্রীর ৪৬ শতাংশ। ২০২২ সালে ৯২ শতাংশ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হয়। এর ফলে হজযাত্রীদের হজযাত্রাজনিত কষ্ট বহুলাংশে লাঘব হয়। আগামী বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শতভাগ হজযাত্রীর মক্কা রোড ইনিশিয়েটিভের এর আওতায় সৌদি পর্বের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১৩ নভেম্বর সৌদি সরকারের সঙ্গে আমরা চুক্তি করেছি।

এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে হজযাত্রীদের হজ-সম্পর্কিত যথাযথ তথ্য সরবরাহ করা, তাদের বর্তমান প্রযুক্তি-ভিত্তিক হজ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা, হজ এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করা এবং মধ্যস্বত্বভোগী ও প্রতারকদের প্রভাব হ্রাস করা।

সম্মেলনে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা: অর্জন ও কর্মকান্ড’ এবং ‘ই-হজ ব্যবস্থাপনা এবং মক্কা উদ্যোগের রুট’ বিষয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন হজ ও আর্থিক সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলায় প্রায় ১৫০টি স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হজযাত্রীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ বিশ্বের ৪র্থ বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ।

বাংলাদেশের ৯০ শতাংশের বেশি হজযাত্রী এবং শতভাগ ওমরাহ যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান এবং হাব সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিমও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading