৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২৯
যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধে আদনান ওকতারকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত।
বুধবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। খবর মিডিল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, সাজা পাওয়া ওই ব্যক্তির বয়স ৬৬ বছর। তিনি তুরস্কের ইসলামিক টেলিভিশনে বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি। আদনান ‘ওকতার হারুন ইয়াহিয়া’ ছদ্মনামে লিখতেন। এর আগে এক মামলায় তার এক হাজার ৭৫ বছরের কারাদণ্ডের সাজা হয়।
এর আগে ২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য এক হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়।
পুনর্বিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে আদনান ওকতারকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত।
ইউডি/এআই

