বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় : মঈন খান

বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় : মঈন খান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চাই। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলি। আমরা অস্ত্রের ভাষায় কথা বলি না।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থলের মঞ্চের পাশে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যদিও সরকার বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে অনেক কাল্পনিক অভিযোগ এনেছে। আমরা সেটি প্রত্যাখ্যান করছি। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।

ড. মঈন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন, জনগণের শক্তিই বড় শক্তি। জনগণই সকল ক্ষমতার উৎস। সেটার উপর বিশ্বাস করে আমরা জনগণের সঙ্গে আছি। তাই জনগণের ভোটের ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। সেই কথাগুলোর বলার জন্য এই গণসমাবেশের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আগামী শনিবারের সমাবেশে আমরা জনগণকে বলব, ভোটের অধিকার ফিরিয়ে আনতে। তারা যেন গণতন্ত্র ফিরে পান। আজ থেকে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। তারা উপলব্ধি করেছিল, পাকিস্তানের অবকাঠামের ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। জিয়াউর রহমান সেই এক দলীয় শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে তাদের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মুয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য জিকে গৌস ও মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরের আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সদস্য সচিব মিফতা সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading