পাকিস্তানে রাতের আঁধারে মিনিবাস খাদে, নিহত অন্তত ২০
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ নভেম্বর) পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন বলেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীষ্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্ঠি হয়। বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা বলেছেন, মিনিবাসটি খায়রপুর থেকে সেহওয়ানে সুফি সাধক লাল শাহবাজ কালান্দরের মাজারে যাচ্ছিল। মিনিবাসটির সকল যাত্রী একই পরিবারের সদস্য এবং তারা জিয়ারত করতে মাজারে যাচ্ছিলেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
মুস্তফা বলেন, মিনিবাস চালক রাস্তার পাশে ব্যারিকেড দেখতে পারেননি। হাইওয়ে সংলগ্ন ওই এলাকায় একটি খাদ রয়েছে, যেখানে সাম্প্রতিক বন্যার সময় পানি জমে এবং পরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
পাকিস্তানে এই বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং দেশের এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। এছাড়া ভয়াবহ ওই বন্যায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইউডি/কেএস

