ইরানে বিক্ষোভ সমর্থন করায় দুই অভিনেত্রী গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪০
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানানোয় দেশটির প্রথম সারির দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে । আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, সরকারবিরোধী তৎপরতায় যোগসাজশের অভিযোগে গতকাল রবিবার গ্রেপ্তার করা হয় অভিনেত্রী হেঙ্গামেহ গাজিয়ানা এবং কাতায়ুন রিয়াহিকে।
চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তারা দুজনেই হিজাব ছাড়া প্রকাশ্যে এসেছিলেন। গাজিয়ানি ও রিয়াহি দুজনেই তাদের অভিনয়ের স্বীকৃতিতে বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার পেয়েছেন।
গ্রেপ্তার হওয়ার আগে গাজিয়ানি সোশ্যাল মিডিয়ায় লিখিলেছেন, যাই ঘটুক না কেন, জেনে রাখুন, বরাবরের মতই আমি ইরানি জনগণের পাশে থাকব। ইরানজুড়ে এই বিক্ষোভের সূত্রপাত হয় গত সেপ্টেম্বরে, দেশটির নীতি পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে।
গত ১৩ সেপ্টেম্বর ইরানের কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে আসা ২২ বছর বয়সী মাশা আমিনিকে হিজাব আইন লংঘনের অভিযোগে গ্রেপ্তার করে নীতি পুলিশ। এর তিনদিন পর পুলিশ হেফাজতে মাশার মৃত্যু হয়। মারা যাওয়ার আগে তিনি কোমায় ছিলেন। অভিযোগ উঠেছে, মাশা আমিনিকে পুলিশ অফিসাররা লাঠি দিয়ে বেধড়ক পেটায় এবং একটি গাড়ির সঙ্গে তার মাথা ঠুকে দেয়। এসব অভিযোগ অস্বীকার করে ইরানি পুলিশ বলেছে, মাশা আমিনির মৃত্যু হয় ‘হার্ট আ্যাটাকে’।
আমিনির মৃত্যুর প্রতিবাদে প্রথমে ইরানের কুর্দি অধ্যুষিত উত্তরপশ্চিমাঞ্চলে বিক্ষোভ শুরু হয়, যা পরে ছড়িয়ে পড়ে দেশজুড়ে। প্রতিবাদে নারীরা রাস্তায় নেমেছেন, কেটে ফেলছেন চুল। সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে প্রকাশ্যে হিজাব পুড়িয়েছেন।প্রথমদিকে সেই বিক্ষোভ ছিল কঠোর হিজাবআইনের বিরুদ্ধে, পরে তা সরকারবিরোধী আন্দোলনের রূপ নেয়।
ইউডি/সুপ্ত

