শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৫১
শর্তসাপেক্ষে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগে যেই অবস্থানে ছিলাম, সেই অবস্থায় এখনো আছি। আমরা মনে করি বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার আছে। তারা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করবে এখানে আমাদের কোনো কিছু বলার নেই। তারা যদি রাজনৈতিক সৃষ্টাচার ভঙ্গ করে অন্য কিছু করার চেষ্টা করে তখন আমাদের অবজেকশন থাকবে।’
বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের আমরা কখনো মানা করিনি, তারা পুরো বাংলাদেশে মিটিং-সমাবেশ করছে। ঢাকার জন্য আমরা তাদের মানা করিনি। আমরা শুধু আশঙ্কার কথা বলেছি।’
বিএনপি নেতাদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এই যে ২৫-৩০ লাখ লোক আসবে, কোথায় বসবে, কোথায় থাকবেন তারা। পুরো ঢাকা শহর অচল করে দেবেন, আপনাদের কথায় তাই মনে হচ্ছে। আমরা বলছি বড় কোনো জায়গায় যান।
‘তাদের লেটেস্ট একটা দাবি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা কমিশনারকে (ডিএমপি) জানিয়ে দিয়েছি, আমাদের প্রধানমন্ত্রীরও নির্দেশনা যেখানে তারা পারমিশন চায় সেখানে যেন দেই। তাদের জানিয়ে দেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে পারবে। কিন্তু অবশ্যই কোনো ভায়োলেন্স তারা করবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, জনদুর্ভোগ করবে না—এটা বিএনপির প্রতি রিকুয়েস্ট থাকবে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে নয়াপল্টনে ১০ ডিসেম্বরের সমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল। ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত দরখাস্ত দেয়া হয়।
এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক, রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের দফতর থেকে চিঠি দিয়েছি। আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছি। এখানে আমরা আগেও সমাবেশ করেছি। আমরা বলেছি, সমাবেশটি হবে শান্তিপূর্ণ।’
ইউডি/এআই

