মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী: আন্দোলনের নামে সন্ত্রাসে ছাড় নয়

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী: আন্দোলনের নামে সন্ত্রাসে ছাড় নয়

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:১০

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে আবার মানুষ পুড়িয়ে মারতে চাইলে একটাকেও ছাড়বো না। শনিবার (২৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন অপর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, গত এক যুগ ধরে উন্নয়নের পথে বাংলাদেশের যে যাত্রা চলছে, তা কেউ থামাতে পারবে না। বিস্তারিত লিখেছেন মিলন গাজী

‘অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না’: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক যুগ ধরে উন্নয়নের পথে বাংলাদেশের যে যাত্রা চলছে, তা কেউ থামাতে পারবে না। শনিবার (২৬ নভেম্বর) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এই টানেলের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও কিন্তু আমরা মাথায় রেখেছি। তাছাড়া আমাদের যে ২০১০ থেকে ২০২০ প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি এবং ২০২১ থেকে ২০৪১ এর মধ্যে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সেই উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে এবং অষ্টম পঞ্চবার্ষিকীর মাধ্যমে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না।

আন্দোলনের নামে সন্ত্রাসে ছাড় নয়: এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ‘বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ’ এর ত্রিবার্ষিক কাউন্সিলে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী আন্দোলন নিয়ে বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন কোনও আপত্তি নেই। কিন্তু কোনও মানুষকে যদি পুড়িয়ে মারা বা বোমা মারা বা গ্রেনেড মারা বা এই ধরনের অত্যাচার করতে চায়, তাহলে একটাকেও ছাড়বো না। এই কথা বলে দিতে চাই। এটা হলো বাস্তব কথা। আমাদের ওপর যে আঘাত দেওয়া হয়েছে, তা ভুলি নাই। তিনি বলেন, আমরা সহ্য করেছি দেখে কেউ যেন মনে না করে, এটা আমাদের দুর্বলতা। শেখ হাসিনা বলেন, এটা দুর্বলতা নয়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আমাদের সাথে আছে, ঐ খুনীদের সাথে নাই। জিয়া খুনী, খালেদা জিয়া খুনী, তারেক জিয়া খুনী। তিনি বলেন, তারেক জিয়া শুধু খুনী নয়, অর্থ পাচারকারি এবং অস্ত্র চোরাকারবারি। ওদের কি অধিকার আছে মানুষের সামনে দাঁড়ানোর, আর ভোট চাওয়ার বা রাজনীতি করার ? তারপরেও আমরা গণতন্ত্র্রে বিশ্বাস করি।

নির্বাচনের আগে সংলাপ না করার ইঙ্গিত: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন আগামী সাধারণ নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, যে কোনো দল চাইলেই নির্বাচনে অংশ নিতে পারে। শেখ হাসিনা বলেন, অনেকেই বলেন ডায়ালগ করতে হবে, আলোচনা করতে হবে। কাদের সাথে? ওই বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া- সাজাপ্রাপ্ত আসামী, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সাথে?

দৈনিক উত্তরদক্ষিণ । ২৭ নভেম্বর ২০২২ । প্রথম পৃষ্ঠা

২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ: স্থানীয় সরকার নির্বাচনে মহিলাদের জন্য ২০ শতাংশ কোটা থাকার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ সব জায়গায় মেয়েদের কোটা রাখা আছে। সেখানে আমাদের নারীরা সরাসরি নির্বাচন করতে পারে, কোটাতেও করতে পারে। সে সুযোগটা আমরা করে দিয়েছি। কাজেই আমরা নারী-পুরুষ সম্মিলিত ভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading