দুর্বলতার ফাঁক-ফোঁকর দিয়েই জঙ্গিরা পালিয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই জঙ্গিরা পালিয়েছে। যেখানে আমাদের দুর্বলতা ছিল, সেই দুর্বলতার ফাঁক-ফোঁকর দিয়েই জঙ্গিরা পালিয়ে গেছে।’
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের শপথ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এ দুর্বলতা কে তৈরি করেছিল, কারা এজন্য দায়ী, কারা এই সুযোগ-সুবিধা ওভারলোড করেছে, কিংবা কার গাফিলতি আছে- সেগুলোর জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন আমাদের কাছে এখনো পৌঁছেনি। তদন্ত রিপোর্ট এলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
এসময় তিনি কারাগার থেকে আসামি স্থানান্তরের সময় তিনি কারা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জঙ্গিরা থাকে। এ জঙ্গিদের নিয়ে আপনারা যেমন উদ্বিগ্ন, আমরাও তাদের নিয়ে উদ্বিগ্ন। এখানেও কারো কোনো রকম গ্যাপ আছে কি না তাও আমরা খতিয়ে দেখছি। আইজি প্রিজনও এ কারাগারে এসে পরিদর্শন করে খতিয়ে দেখছেন যে, এখানকার কোনো গ্যাপ আছে কি না বা কোনো গাফিলতি-দুর্বলতা আছে কি না। এক্ষেত্রেও যদি কারো গাফিলতি দুর্বলতা পাওয়া যায় সে অনুযায়ী আমরা তাদের বিচারের আওতায় আনব।’
তিনি কারা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কারাগার থেকে আসামি স্থানান্তরের সময় অধিকতর সতর্কতা অবলম্বন করবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতিকে প্রতিরোধ করবেন। কারাভ্যন্তরে বিধি-বহির্ভূত নিষিদ্ধ দ্রব্য প্রবেশ করতে না পারে সে দিকে আপনাদের সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।’
ইউডি/এআই

