হাইকোর্টে ইশরাকের আগাম জামিন

হাইকোর্টে ইশরাকের আগাম জামিন

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৬

বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গৌরনদীতে হামলা-ভাঙচুরের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

গত ৫ নভেম্বর শনিবার ইশরাককে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।

গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার পরে থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন বলেন, পেনাল কোড ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

মাহিলারা বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার জানান, তারা ১০/১২ জন সকাল ৬টার দিকে মাহিলারা বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারের মর্ডান ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করেছে। তারা ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলেছে।

শহীদ সরদার আরও অভিযোগ করেন, হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও দুজন হামলায় আহত হয়েছেন। এ কারণে মামলা করা হয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading