বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২২

ইন্ডিয়ার শিলচরে এনআইটি ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং ‘বঙ্গবন্ধু গার্ডেন’র উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও এনআইটির পরিচালক প্রফেসর রজত গুপ্ত শনিবার (৩ ডিসেম্বর) যৌথভাবে আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’র (এন আই টি) ভারত রত্ন ড. এ পি জে আব্দুল কালাম লার্নিং এন্ড রিসোর্স সেন্টারে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং লাইব্রেরি প্রাঙ্গনে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু গার্ডেন’র উদ্বোধন করেন ।

বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধু গার্ডেন’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এনআইটি’র ভূপেন হাজারিকা অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ।

ড. মোমেন বঙ্গবন্ধু কর্নার গড়ে তোলার জন্য দেশটির সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ইন্ডিয়া সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিজিটাল লাইব্রেরিতে মুজিব কর্নার স্থাপন করায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম, তার আদর্শ ও স্বপ্ন সম্পর্কে আরো বেশি জানার সুযোগ সৃষ্টি হলো। একইসঙ্গে তারা বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস এবং ইন্ডিয়ান সরকার কীভাবে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সেগুলোও জানতে পারবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে- সেসব তথ্যও তারা জানার সুযোগ পাবে।’

‘আমাদের উভয় দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা মোটামুটি একইরকম’ এ কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘সেদিক থেকে আমাদের নাড়ির বন্ধন আর সুদৃঢ় হবে। আমরা বিশ্বাস করি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, গোষ্ঠী সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ। আর মানুষে-মানুষে সুসম্পর্ক থাকলে কোনো কিছু আর আমাদের মাঝে বাধা হয়ে থাকবে না। বঙ্গবন্ধু কর্নার আমাদের সেই প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।’

শিলচরে স্থাপিত মুজিব কর্নারে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার লিখিত ও সম্পাদিত বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন বিষয়ক কিছু বই উপহার দেন। মুজিব গার্ডেন উদ্বোধনের পর সেখানে তিনি গাছের চারা রোপন করেন।

শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading